
কলকাতা, ২১ জুন (হি.স.): কলকাতার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হচ্ছে গোপাল মুখার্জি রোড। রবিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে, গতকাল কলকাতা পৌরসভা কর্তৃক গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, যা একটি ঐতিহাসিক অন্যায় সংশোধনে সহায়ক হবে।
সুরাবর্দি অ্যাভিনিউ-এর নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড।
কয়েক দশক ধরে আমাদের শহরের একটি প্রধান সড়ক এমন একজনের নামে ছিল, যিনি নিছক রাজনৈতিক লাভের জন্য নিরীহ নাগরিকদের গণহত্যার পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে অস্ত্র হিসেবে অপব্যবহার করেছিলেন। হাজার হাজার নিরীহদের জীবন রক্ষক হিসেবে এগিয়ে আসা নির্ভীক ব্যক্তিত্ব শ্রী গোপাল মুখার্জির নামে এই সড়কটির নামকরণের মাধ্যমে, অবশেষে একজন প্রকৃত রক্ষক ও উদ্ধারকর্তাকে সম্মানিত করে ঐতিহাসিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
পশ্চিমবঙ্গের এখন সময় এসেছে প্রকৃত নায়কদের স্মরণ করার, ভুল সংশোধন করার এবং সম্মান জানানোর।
রাজ্য বিজেপি-র এক্স হ্যান্ডলে রবিবার লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ ফিরে পাচ্ছে তার হারিয়ে যাওয়া গৌরব!
ঐতিহ্য, আত্মপরিচয় ও ইতিহাসকে সম্মান জানিয়ে এক নতুন অধ্যায়ের পথে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। সুরাবর্দি অ্যাভিনিউর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করা হয়েছে। ১৯৪৬ সালের দাঙ্গার সময় বহু মানুষের কাছে গোপাল মুখার্জী পরিচিত হয়ে উঠেছিলেন হিন্দু সমাজের রক্ষক ও প্রতিরোধের এক প্রতীক হিসেবে। ইতিহাসের সম্মান অটুট থাকুক, গৌরবের পথে এগিয়ে চলুক পশ্চিমবঙ্গ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ