
বাঁকুড়া, ২২ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের বাজেটে বাঁকুড়ার জন্য কেন্দ্রীয় বিদ্যালয় (কেন্দ্রীয় বিদ্যায়লয়) স্থাপনের ঘোষণা ঘিরে জেলায় খুশির হাওয়া। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করতে গিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষা মহলে উৎসাহের সৃষ্টি হয়েছে।
শিক্ষাক্ষেত্রে বরাবরই উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী বাঁকুড়া। প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার বহু পড়ুয়া মেধা তালিকায় স্থান করে নেয়। জেলায় ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকলেও একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। বাজেটে সেই অভাব পূরণের ঘোষণা হওয়ায় শিক্ষামহল একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।
শিক্ষাবিদদের মতে, কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে উঠলে শুধু বাঁকুড়া নয়, পার্শ্ববর্তী জেলার ছাত্রছাত্রীরাও উন্নত মানের শিক্ষার সুযোগ পাবে। বিশেষ করে কেন্দ্রীয় পাঠ্যক্রমে পড়াশোনার সুযোগ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে তা সহায়ক হবে।
তবে বিদ্যালয়টি জেলার কোন এলাকায় স্থাপিত হবে, কবে থেকে নির্মাণকাজ শুরু হবে এবং জমি নির্বাচন-সহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে ইতিমধ্যেই ছাত্র-অভিভাবকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট