
ঝাড়গ্রাম, ২২ জুন (হি. স.) : ঝাড়গ্রাম জেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড লোধাশুলীতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে ঘিরে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্দেশে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রায় ১৫০টি ছোট-বড় দোকান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।দোকানদারদের অভিযোগ, হঠাৎ করেই তাঁদের জানানো হয়েছে যে ফুটপাত ও জাতীয় সড়কের ধারে থাকা দোকানগুলি অবৈধ। সেই কারণে দোকান সরিয়ে নেওয়ার নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার পর সোমবার সকাল থেকেই বহু ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান ভাঙার কাজ শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে হাইড্রা ও জেসিবি মেশিনও আনা হয়েছে।ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করে তাঁরা জীবিকা নির্বাহ করছেন। তাই উচ্ছেদের আগে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তাঁদের মতে, বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল, খাবারের দোকান ও অন্যান্য পরিষেবা কেন্দ্র তুলে দিলে শুধু ব্যবসায়ীরাই নন, সমস্যায় পড়বেন প্রতিদিনের যাত্রী ও পথচারীরাও।পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের আধিকারিকরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়