কামাখ্যা স্টেশনে অম্বুবাচি মেলার প্রস্তুতি পর্যালোচনা এনএফ রেলের জিএম চেতনকুমারের
গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : আজ (২২ জুন) থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় অম্বুবাচি মেলার প্রস্তুতি এবং পুণ্যার্থী-যাত্রী ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবস্থার পর্যালোচনা করতে আজ সোমবার কামাখ্যা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম
কামাখ্যা স্টেশন পরিদর্শন এনএফ রেলের জিএম চেতনকুমারের


কামাখ্যা স্টেশনে অম্বুবাচি মেলা উপলক্ষ্যে তৈরি অস্থায়ী শিবিরে তীর্থযাত্রীগণ


গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : আজ (২২ জুন) থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় অম্বুবাচি মেলার প্রস্তুতি এবং পুণ্যার্থী-যাত্রী ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবস্থার পর্যালোচনা করতে আজ সোমবার কামাখ্যা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। বার্ষিক এই ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যাপক পরিচালনগত ও যাত্রী-সহায়তা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, পরিদর্শনকালে জেনারেল ম্যানেজার তীর্থযাত্রীদের সুবিধা ও সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা ও নানা ধরনের সুযোগ-সুবিধা যেমন ভিড় নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসা সহায়তা, হেল্পডেস্ক, সুরক্ষা কর্মী মোতায়েন ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করেছেন। স্টেশনে নিয়োজিত রেলওয়ে আধিকারিক এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন তিনি। এছাড়া মেলা চলাকালীন যাত্রীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে কাজকর্মের প্রস্তুতির বিষয়ও পর্যালোচনা করেছেন জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব।

নিরন্তর সতর্ক থাকা, ভিড় নিয়ন্ত্রণ করা এবং যাত্রীদের দ্রুত সহায়তা প্রদানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন নানা পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরন্তর সতর্ক থাকা, যাত্রীদের চলাচলের ওপর তীক্ষ্ণ নজর রাখা, সিকিউরিটি এজেন্সি ও সিভিল অথরিটি কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন এবং উৎসব চলাকালীন ট্রেন চলাচল সুষ্ঠু ও সুগম রাখার নির্দেশনা দিয়েছেন।

কপিঞ্জল কিশোর শর্মা জানান, তীর্থ যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বেশ কয়েকটি বিশেষ ‘আন রিজার্ভড’ ট্রেন পরিষেবা চালু করছে। এগুলি কামাখ্যার সাথে অসম ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর সংযোগ স্থাপন করবে। এছাড়া, অম্বুবাচি মেলার সময় ভক্তদের যাতায়াত সহজ করতে এবং যাত্রী পরিবহণের সক্ষমতা বাড়াতে বিভিন্ন নিয়মিত যাত্রীবাহী ট্রেনে কোচ সংখ্যাও সাময়িকভাবে বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া জেনারেল ম্যানেজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের যাত্রী-সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কামাখ্যা রেলওয়ে স্টেশনে আগত ও সেখান থেকে রওয়ানা হওয়া ভক্তদের জন্য পর্যাপ্ত তথ্য ও নির্দেশনার ব্যবস্থা নিশ্চিত করতে বলেছেন তিনি।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অম্বুবাচি মেলার সময় তীর্থ যাত্রীদের যাতায়াত সহজ করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। সকল যাত্রীকে নিরাপদ, আরামদায়ক ও সুগম ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande