হিংসাত্মক মণিপুরের কাঙপোকপিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হাইওয়ে অবরোধকারীদের, আহত তিন
কাঙপোকপি, ২২ জুন (হি.স.) : মণিপুরের কাঙপোকপি জেলায় আজ সোমবার বস্ততম ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালনকারী কুকি প্রতিবাদকারীদের সঙ্গে নিউ কাইটেলমানবি এলাকায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গ
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হাইওয়ে অবরোধকারীদের


কাঙপোকপি, ২২ জুন (হি.স.) : মণিপুরের কাঙপোকপি জেলায় আজ সোমবার বস্ততম ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালনকারী কুকি প্রতিবাদকারীদের সঙ্গে নিউ কাইটেলমানবি এলাকায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

কাঙপোকপির কুকি নাগরিক সমাজ সংগঠনগুলির ডাকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল। আজ সোমবার ছিল এই কর্মসূচির দ্বিতীয় দিন। প্রতিবাদকারীদের অভিযোগ, কুকি-জো অধ্যুষিত গ্রামগুলিকে লক্ষ্য করে বেছে বেছে নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।

বহু সংখ্যক বিক্ষোভকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইমফল-জিরিবাম জাতীয় সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে চলমান নিরাপত্তা অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান।

অভিযোগ, নিরাপত্তা বাহিনী জমায়েত সরিয়ে হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি, স্মোক বোমা এবং অন্যান্য দমনমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। এর ফলে প্রতিবাদকারীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

কুকি ইনপি সাউথ ওয়েস্ট সদর হিলস নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের নিন্দা করেছে। সংগঠনের অভিযোগ, অবরোধে অংশগ্ৰহণকাৰী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, ফাঁকা গুলি এবং লাঠিচার্জ করা হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। সংগঠনটির আরও অভিযোগ, সাধারণ মানুষের উদ্বেগের সমাধান না করে প্রশাসন একটি গণতান্ত্রিক প্রতিবাদের উপর শক্তি প্রয়োগ করেছে।

কুকি ইনপি সাউথ ওয়েস্ট সদর হিলস-এর বক্ত্বয, কুকি অধ্যুষিত এলাকায় পক্ষপাতমূলক ও লক্ষ্যভিত্তিক তালাশি অভিযান চালানোর প্রতিবাদেই এই জরুরি অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংগঠনটি অভিযোগ করেছে, চলমান জাতিগত উত্তেজনার সঙ্গে এনএসসিএন-আইএম এবং তাদের কথিত সহযোগী জেডইউএফ-কামসন গোষ্ঠীর যোগ রয়েছে। জাতিগত উত্তেজনার সঙ্গে তারা দায়ী বলে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কুকি ইনপি সাউথ ওয়েস্ট সদর হিলস।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande