
কলকাতা, ২২ জুন (হি.স.): সোমবার বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি করা হল অরূপ রায়কে। সাধারণ সম্পাদক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন ও জাভেদ খানকেও সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ–সভাপতি হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও রথীন ঘোষ। কোষাধ্যক্ষ হয়েছেন আখরুজ্জামান।
উল্লেখ্য, সোমবার বিকালে বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতারা। এই বৈঠকের নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকের শুরুতেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, তৃণমূল এখন এক সাংবিধানিক সংকটে রয়েছে। তিনি বলেন, দলের সংবিধান অনুযায়ী ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেয়াদ ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে দলের নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করতে হবে। ঋতব্রত এই ঘোষণা করার পর তৃণমূলের কর্মসমিতির জন্য প্রথমে ১০ জনের নাম প্রস্তাব করা হয়। তাঁরা হলেন, অরূপ রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রথীন ঘোষ, জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তার পর অরূপ রায়কে দলের নতুন সভাপতি পদে নির্বাচিত করা হয়। আর সাধারণ সম্পাদক করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও জাভেদ খানকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ