রাজ্য বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিরোধীদের
কলকাতা, ২২ জুন (হি. স.) : বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর বিরোধী শিবিরের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। রাজ্য সরকারের এই প্রথম বাজেট নিয়ে কোথাও প্রশ্ন তোলা হয়েছে, আবার কোথাও মিলেছে প্রচ্ছন্ন সমর্থন। বাজেটোত্তর প্রতিক্রিয়ায় রাজ্যের বির
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২২ জুন (হি. স.) : বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর বিরোধী শিবিরের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। রাজ্য সরকারের এই প্রথম বাজেট নিয়ে কোথাও প্রশ্ন তোলা হয়েছে, আবার কোথাও মিলেছে প্রচ্ছন্ন সমর্থন। বাজেটোত্তর প্রতিক্রিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ‘ইজ অফ ডুইং বিজনেস’ এবং পরিকাঠামো নির্মাণ সহ একাধিক বিষয়ে যেমন সরকারের নীতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তেমনই কিছু সরকারি সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন।

বাজেটে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে ‘ইজ অফ ডুইং বিজনেস’-এর যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। তাঁর আশঙ্কা, সহজে ব্যবসা করার সুযোগ দিতে গিয়ে গোটা ব্যবস্থাটাই যদি বেসরকারি মহলের হাতে চলে যায় এবং সরকার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে বেসরকারি মালিকেরা কেবল মুনাফা বাড়াতেই ব্যস্ত থাকবে। এটি সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী হতে পারে বলে তিনি মনে করেন। তাই এই ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি সওয়াল করেন। এর পাশাপাশি রাজ্যের পরিকাঠামো নির্মাণের সপক্ষে মুখ খুলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যে, পরিকাঠামো উন্নত না হলে অর্থনীতির বিকাশ সম্ভব নয়, কারণ এর মাধ্যমেই মানুষের হাতে টাকা পৌঁছায় এবং ক্রয়ক্ষমতা বাড়ে। বাজেটে পরিকাঠামো উন্নয়নের কথা বলা হলেও, সেখানে খরচের কোনও স্পষ্ট খতিয়ান বা সুনির্দিষ্ট রূপরেখা নেই বলে তিনি প্রশ্ন তোলেন।

অন্যদিকে, বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছেন বিরোধী দলের মুখ্য সচেতক আখতারুজ্জামান। তিনি তোপ দেগে বলেন, মুখে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’-এর কথা বলা হলেও এই বাজেটে তার কোনও প্রতিফলন ঘটেনি। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে এই বরাদ্দ কমানো হয়েছে বলে তিনি দাবি করেন। তবে বাজেটে বিরোধীদের পক্ষ থেকে কিছু ইতিবাচক দিকও খুঁজে পাওয়া গেছে। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স না দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে বাজেট নিয়ে আলোচনার সময় বিরোধী দলের বিধায়করা জনস্বার্থ জড়িত এমন প্রতিটি আলাদা আলাদা ইস্যু ধরে বিধানসভায় সরব হবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande