
নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ঘিরে বিতর্কিত ভিডিও-কাণ্ডে নতুন মোড়। গুরগাঁও পুলিশের নথিভুক্ত একটি এফআইআরকে সামনে এনে বিজেপি নেতা আরপি সিং দাবি করেছেন, মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে ভুয়ো ফরেন্সিক প্রমাণ তৈরির ষড়যন্ত্রের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাকে গুরুতর উল্লেখ করে তিনি ভগবন্ত মানের অবিলম্বে ইস্তফার দাবি জানিয়েছেন।
বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ করা পোস্টে আরপি সিং জানান, গুরগাঁওয়ের ডিএলএফ সেক্টর-২৯ থানায় দায়ের হওয়া এফআইআর নম্বর ০২৬৩-এ সংগঠিত অপরাধ, প্রতারণা, ইলেকট্রনিক নথি জালিয়াতি এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তাঁর অভিযোগ, বিতর্কিত ভিডিওটিকে ‘ডিপফেক’ প্রমাণ করার উদ্দেশ্যে ভুয়ো ফরেন্সিক রিপোর্ট তৈরি এবং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
বিজেপি নেতার দাবি, কয়েকজন ব্যক্তি স্বাধীন সাইবার ও ফরেন্সিক ল্যাবের নাম ব্যবহার করে রিপোর্ট তৈরি করেছেন। তবে তদন্তে ওই সংস্থাগুলির বৈধতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর অভিযোগ, প্রকৃত তথ্য গোপন করে জনমত প্রভাবিত করার চেষ্টা হয়েছে।
আরপি সিং বলেন, যেসব রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে ‘ক্লিন চিট’ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেগুলির সত্যতা নিয়েই এখন গুরুতর প্রশ্ন উঠেছে। তাঁর মতে, বিষয়টি শুধু একটি ভিডিও বিতর্কে সীমাবদ্ধ নয়; সরকারি ব্যবস্থার অপব্যবহার এবং জাল নথি ব্যবহারের অভিযোগও এর সঙ্গে জড়িত থাকতে পারে।
তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনবিশ্বাসের উপর বড় আঘাত হবে। তাই নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পদত্যাগ করা উচিত।
প্রসঙ্গত , পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ঘিরে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিও নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে।বিতর্কিত ভাইরাল ভিডিওতে অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মতো দেখতে এক ব্যক্তি শিখ গুরুদের প্রতিকৃতির সামনে মদ্যপান করছেন এবং সেই মদ গুরুদের প্রতিকৃতিতে ছিটিয়ে দিচ্ছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য