
নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত রুট থেকে সরে গিয়ে কিছু সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সতর্কবার্তার পর বিমানটি ইউ-টার্ন নিয়ে ভারতের আকাশসীমায় ফিরে আসে। পরে অমৃতসরে অবতরণের অনুমতি না মেলায় সেটিকে ফের দিল্লিতে ফিরিয়ে আনতে হয়। ফলে যাত্রীদের প্রায় চার ঘণ্টা ভোগান্তির শিকার হতে হয়।
সরকারিভাবে এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া না হলেও সংশ্লিষ্ট সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, প্রযুক্তিগত সমস্যার কারণেই বিমানটি নির্ধারিত ফ্লাইটপথ থেকে বিচ্যুত হয়েছিল। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার এআই-৪৭৯ নম্বর এয়ারবাস এ-৩২১ বিমানটি সোমবার রাত ৯টা ৭ মিনিটে দিল্লি থেকে উড়ান শুরু করে। মাঝপথে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি নির্ধারিত রুট থেকে সরে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে সেটিকে ফের ভারতের আকাশসীমায় ফিরিয়ে আনা হয়।
এদিকে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় অমৃতসর বিমানবন্দরে অবতরণের অনুমতি মেলেনি। ফলে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে এনে নিরাপদে অবতরণ করানো হয়। প্রায় দু'ঘণ্টা পরে নতুন করে ছাড়পত্র পাওয়ার পর বিমানটি আবার অমৃতসরের উদ্দেশে রওনা দেয় এবং মঙ্গলবার ভোররাতে প্রায় আড়াইটে নাগাদ নিরাপদে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে।
এই ঘটনার জেরে যাত্রীদের নির্ধারিত সময়ের তুলনায় প্রায় চার ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছতে হয়। সোমবার রাত সাড়ে ১০টার মধ্যে অমৃতসরে পৌঁছানোর কথা থাকলেও গভীর রাতে তাঁদের গন্তব্যে পৌঁছতে হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য