
কলকাতা, ২৮ জুন (হি.স.): মায়ের মৃত্যুর শোক সামলে বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশোঁ। তার যুক্তরাষ্ট্রে ফেরার কথা নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন-এফএফএফ।
মায়ের শেষকৃত্যে অংশ নিতে দিন দুয়েক আগে দেশে ফিরে যান দেশোঁ। শুক্রবার তার মাকে শেষ বিদায় জানানো হয়। পরদিনই বিশ্বকাপ শিবিরে যোগ দিলেন তিনি। ছোট্ট একটি বার্তায় শনিবার এফএফএফ জানায়, “দিদিয়ে আমাদের সঙ্গে আছে।”
নরওয়ের বিপক্ষে শুক্রবার ৪-১ গোলে জেতা ম্যাচে ফ্রান্সের ডাগআউটে ছিলেন না দেশোঁ। তার অনুপস্থিতিতে ম্যাচটিতে দলকে নির্দেশনা দেন সহকারী কোচ স্তেফোঁ। দাপুটে জয়ের পর তিনি বলেন, মা হারানো কোচের জন্য কিছু করতে চেয়েছিলেন তারা সবাই।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি