
হুগলি , ৩ জুন (হি.স.) : আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন যখন অনিশ্চয়তার মুখে, তখনই এক মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁর আর্থিক সহায়তায় নতুন করে আশার আলো দেখল ছাত্রীর পরিবার।
পুরশুড়ার হরিহর এলাকার বাসিন্দা রতন মণ্ডল ও কৃষ্ণা মণ্ডলের একমাত্র মেয়ে স্নেহা মণ্ডল হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার সুযোগ পান। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি ফি জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
ছাত্রীর এই পরিস্থিতির কথা জানতে পেরে দ্রুত তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক বিমান ঘোষ। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর স্নেহার ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তার দায়িত্ব গ্রহণ করেন তিনি এবং ভর্তি ফি বাবদ সম্পূর্ণ অর্থ প্রদান করেন।
বুধবার বিমান ঘোষ বলেন, “শিক্ষাই সমাজের অগ্রগতির প্রধান ভিত্তি। অর্থের অভাবে কোনও মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা থেমে যাক, তা আমরা চাই না। স্নেহার মতো ছাত্রীরাই ভবিষ্যতের সম্পদ। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।”
বিধায়কের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে স্নেহা ও তাঁর পরিবারের মধ্যে। এদিন তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই সহায়তা না পেলে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ত।
বিধায়কের মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাঁদের মতে, জনপ্রতিনিধির এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্যদেরও উৎসাহিত করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA