সরকারি জলাভূমি ভরাটের অভিযোগে বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছে তারাপুকুরবাসী
হুগলি, ৩ জুন (হি.স.) : সরকারি জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে শ্রীরামপুরের তারাপুকুর এলাকা। বুধবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সরকারি জলাভূমি ভরাট করে সেখানে নির্মা
সরকারি জলাশয় ভরাটো অবৈধ নির্মাণের প্রতিবাদ


হুগলি, ৩ জুন (হি.স.) : সরকারি জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে শ্রীরামপুরের তারাপুকুর এলাকা। বুধবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সরকারি জলাভূমি ভরাট করে সেখানে নির্মাণকাজ চলছে এবং জমির একাংশ বিক্রিও করা হয়েছে। এর ফলে এলাকার নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

বাসিন্দাদের দাবি, জলাভূমি ভরাটের কারণে প্রাকৃতিক জলনিকাশের পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও আবাসিক এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ছে। অবিলম্বে অবৈধ নির্মাণ ভেঙে সরকারি জমি পুনরুদ্ধার এবং জলাভূমির পূর্বাবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, ঘটনার সঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগের যোগসূত্র রয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর। তাঁর দাবি, বিতর্কিত জমিটি তাঁর ওয়ার্ডের আওতায় পড়ে না। পাশাপাশি তিনি জানান, সংশ্লিষ্ট জমি সরকারি নয় এবং বহু বছর আগে আইনসম্মতভাবে কেনাবেচা হয়েছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।

স্থানীয় বিজেপি কর্মী পায়েল রায় অভিযোগ করেন, জল জমে থাকার কারণে ডেঙ্গি-সহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় নাগরিক পরিষেবা না পাওয়ার অভিযোগও তোলেন তিনি।

স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত অবৈধ নির্মাণ সরিয়ে জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ না নেওয়া হলে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন ও পুর কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande