
বাঁকুড়া, ৩ জুন (হি.স.) : বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তার দু'ধারে বেআইনি দখল, টোটোর দীর্ঘ লাইন এবং যানবাহনের অব্যবস্থাপনাকেই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করেন।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিজয় মণ্ডল (৩৫)। তিনি পুরুলিয়া জেলার কাশীপুর থানার আহনপুর গ্রামের বাসিন্দা। চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসেছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। দুর্ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার উপর দোকানপাটের দখল, টোটোর সারি এবং ছোট গাড়ির অবাধ যাতায়াতের কারণে চরম যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলেই প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
শুধু বাসস্ট্যান্ড নয়, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল প্রবেশদ্বারেও একই সমস্যা রয়েছে বলে অভিযোগ। রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে প্রায়শই সমস্যার মুখে পড়তে হয় অ্যাম্বুল্যান্স ও সাধারণ মানুষকে।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসস্ট্যান্ড ও হাসপাতাল চত্বরের যানবাহন নিয়ন্ত্রণ, বেআইনি দখলদারি উচ্ছেদ এবং টোটো চলাচলে কড়া নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট