
কলকাতা, ৩ জুন (হি. স.) : ২০২৬-এর বিধানসভা নির্বাচন মুছে দিয়েছে অরূপ বিশ্বাসকে। বুধবার বিলুপ্ত স্বরূপ বিশ্বাস এবং ফেডারেশন সংগঠনের অস্তিত্ব। দুই কর্মকাণ্ডেরই হোতা এক জন। বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী।
ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপের পরাজয়ের পরেই প্রশ্ন উঠেছিল ফেডারেশন সভাপতি স্বরূপের অস্তিত্ব নিয়ে। এ দিন টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে তাঁর ক্ষমতার কবরে শেষ পেরেক পুঁতলেন পাপিয়াই। বললেন, “ডবল ইঞ্জিন সরকারের সহায়তায় দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের (কনফেডারেশন) আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। লক্ষ্য, দুর্নীতিমুক্ত ইন্ডাস্ট্রি।”
তাঁর এই বার্তায় স্পষ্ট, টলিউডে আর ফেডারেশনের অস্তিত্ব রইল না। একই ভাবে থাকবে না আর ২৬টি গিল্ড। বিজেপি বিধায়ক জানিয়েছেন, তিন থেকে চারটি কমিটি থাকবে। পরিচালক, ক্যামেরা, প্রোডাকশন ম্যানেজার এবং শিল্প নির্দেশনা বিভাগ।
এ দিন সকালে পাপিয়া বৈঠক করেন গিল্ড-এর মুখপাত্রদের সঙ্গে। উপস্থিত ছিলেন প্রযোজক অশোক ধনুকা, পরিচালক অতনু বসু, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, মুমতাজ সরকার, মৌবনী সরকার-সহ ৩৫ জন।
পাপিয়া আশ্বাস দেন, সবাই কাজ পাবেন। যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়া হবে। মতবিরোধ থাকলেও কাউকে নিষিদ্ধ করা যাবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত