
রামগড়, ৩ জুন (হি.স.): অবৈধ বালি পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ঝাড়খণ্ড পুলিশ । ঝাড়খণ্ডের রামগড়ে বুধবার পুলিশ আটক করল অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, এদিন নইসরাই দিক থেকে আসা একটি ট্রাক্টরকে দামোদর সেতুর কাছে আটক করা হয়। ওই ট্রাক্টরটিতে বিপুল পরিমাণে বালি বোঝাই ছিল। তল্লাশির সময় পুলিশকে কোনও বৈধ নথি দেখাতে পারেনি চালক ।
এরপর পুলিশ নইসরাই-আরগড্ডা সড়কের বিহার বাউন্ডারি মোড়ের সামনে সিরকা থেকে আসা আরও একটি বালি বোঝাই ট্রাক্টরকে আটকায় । তবে পুলিশকে দেখামাত্র চালক ট্রাক্টরটি রাস্তার ধারে দাঁড় করিয়ে চম্পট দেয়। এই ট্রাক্টরটিরও কোনও বৈধ নথি ছিল না। এই দুটি ঘটনাতেই ট্রাক্টরের মালিক এবং চালকদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক