কাঁকসায় ঘরোয়া হ্যাচারিতে বাল্বের তাপে ২১ দিনেই ফুটছে হাঁস-মুরগির ছানা
দুর্গাপুর, ৩০ জুন (হি.স.) : থার্মোকলের বাক্সের ভিতরে জ্বলছে ১০০ ওয়াটের একটি বাল্ব। সেই নিয়ন্ত্রিত তাপেই মাত্র ২০-২১ দিনের মধ্যে ফুটে বেরিয়ে আসছে হাঁস-মুরগির ছানা। কাঁকসা ব্লকের পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় মির্জা ফকরুদ্দীন বেগের ঘরোয়া হ্যাচারি
কাঁকসায় ফকরুদ্দীনের হ্যাচারীতে এক'শ ওয়াটের বাল্বের তাপে ২১ দিনে ডিম ফুটে উঠছে হাঁস-মুরগীর ছানা!


দুর্গাপুর, ৩০ জুন (হি.স.) : থার্মোকলের বাক্সের ভিতরে জ্বলছে ১০০ ওয়াটের একটি বাল্ব। সেই নিয়ন্ত্রিত তাপেই মাত্র ২০-২১ দিনের মধ্যে ফুটে বেরিয়ে আসছে হাঁস-মুরগির ছানা। কাঁকসা ব্লকের পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় মির্জা ফকরুদ্দীন বেগের ঘরোয়া হ্যাচারি এখন এলাকায় কৌতূহলের কেন্দ্রবিন্দু। গত ছয় মাসে এই পদ্ধতিতে তিনি প্রায় ৪০০টি হাঁস-মুরগির ছানা উৎপাদন করেছেন।

হ্যাচারির পাশেই রয়েছে ফকরুদ্দীনের বাড়ি এবং একটি পোলট্রি। বিড়াল ও কুকুরের হাত থেকে রক্ষা করতে চালাঘরের চারপাশ তারের জাল দিয়ে ঘেরা হয়েছে। ভিতরে রাখা রয়েছে একাধিক থার্মোকলের বাক্স। প্রতিটি বাক্সের মধ্যে স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ১০০ ওয়াটের বাল্ব বসানো হয়েছে, যা ২৪ ঘণ্টাই জ্বলে। বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে ইনভার্টারের ব্যবস্থাও রয়েছে।

ফকরুদ্দীন জানান, ডিম ফোটানোর জন্য প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে হয়। একটি বাক্সে একসঙ্গে ৬০ থেকে ৭০টি ডিম রাখা যায়। স্বয়ংক্রিয় মিটারের সাহায্যে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। ২০-২১ দিনের মধ্যে ডিম ফুটে ছানা বেরিয়ে আসে। এরপর আরও কয়েকদিন নিয়ন্ত্রিত তাপমাত্রায় রেখে ছানাগুলিকে পরিচর্যা করা হয়। রানিক্ষেত-সহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাকরণ করার পর সেগুলিকে পোলট্রিতে স্থানান্তর করা হয়।

বর্তমানে দেশি হাঁস-মুরগির পাশাপাশি করকনাথ প্রজাতির ডিম থেকেও ছানা উৎপাদন করা হচ্ছে। ফকরুদ্দীন আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রায় ৪০০টি ছানা উৎপাদন হয়েছে। হ্যাচারির পাশেই একটি পুকুর রয়েছে, যেখানে হাঁস পালন করা হয়।

খরচের হিসাব তুলে ধরে তিনি বলেন, দেশি হাঁস-মুরগির প্রতিটি ডিম ১০ থেকে ১২ টাকা দামে কেনা হয়। বিদ্যুৎ-সহ অন্যান্য খরচ মিলিয়ে একটি ছানা উৎপাদনে প্রায় ২৫ থেকে ৩০ টাকা ব্যয় হয়। বাজারে সেই ছানা ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়। তাঁর দাবি, স্বল্প খরচে ঘরোয়া এই হ্যাচারি পদ্ধতি যথেষ্ট লাভজনক এবং গ্রামীণ উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময়।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande