
উত্তর ২৪ পরগনা, ১৫ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই আবহেই বুধবার নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা অশোক চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে ২০২৫ সালে বিজেপি কর্মীদের ওপর মারধর, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি, দাঙ্গা বাধানোর চেষ্টা এবং একাধিক অন্যান্য অপরাধমূলক ধারায় অভিযোগ দায়ের ছিল। উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁর ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছিল।
বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার বদল ঘটতেই একাধিক পুরসভায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছিল। নৈহাটি পুরসভাতেও তৎকালীন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর পুর কার্যালয়ে আসা বন্ধ করে দিয়েছিলেন, যার ফলে পুরসভার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মে মাসে অশোক চট্টোপাধ্যায় একবার পুরসভায় এলে তাঁকে লক্ষ্য করে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরেন এবং পুরসভা কার্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য করেন। এই ঘটনা চলাকালীন কিছু পুরকর্মীর ওপরও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।
পরবর্তীকালে, অশোক চট্টোপাধ্যায় নৈহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এদিন সকালে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পূর্ববর্তী মামলাগুলির ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
হিন্দুস্থান সমাচার / সোনালি