
‘দেশের জন্য গৌরব বয়ে আনবেন তাঁরা’, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ১৭ জুলাই (হি.স.) : আগামী ২৩ জুলাই থেকে স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। এতে ভারতের প্রতিনিধিত্বকারী অসমের চার ক্রীড়াবিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি আশা ব্যক্ত করে বলেছেন, অসমের এই চার ক্রীড়াবিদ নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবেন।
আজ শুক্রবার তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ চার ক্রীড়াবিদের ছবি সহ এক পোস্টে মুখ্যমন্ত্রী ড. শর্মা অলিম্পিক ব্রোঞ্জজয়ী বক্সার অসম-কন্যা লাভলিনা বড়গোহাঁই, লন বোলস খেলোয়াড় নয়নমণি শইকিয়া ও পুতুল সনোয়াল এবং প্যারা সাইক্লিস্ট লিসা দাসকে শুভেচ্ছা জানিয়েছেন।
পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অসমের গর্ব লাভলিনা বড়গোহাঁই, নয়নমণি শইকিয়া, পুতুল সনোয়াল এবং লিসা দাসকে আসন্ন কমনওয়েলথ গেমস ২০২৬-এর জন্য আন্তরিক শুভেচ্ছা। আমি নিশ্চিত, তাঁরা নিজ নিজ খেলায় সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করে দেশের জন্য গৌরব বয়ে আনবেন।’
তিনি আরও লিখেছেন, এই চার ক্রীড়াবিদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং রাজ্য সরকারের ক্রীড়া উন্নয়নে ধারাবাহিক সহায়তার ফলেই তাঁরা আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আসরে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, লাভলিনা বড়গোহাঁই অলিম্পিক পদকজয়ী এবং ভারতের অন্যতম সেরা বক্সার। অন্যদিকে, নয়নমণি শইকিয়া ও পুতুল সনোয়াল লন বোলস প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়া লিসা দাস ইতিহাস গড়ে অসমের প্রথম প্যারা-ক্রীড়াবিদ হিসেবে কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করেছেন।
প্রসঙ্গত, কমনওয়েলথ গেমস-২০২৬ আগামী ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত হবে। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা একাধিক খেলায় অংশ নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস