
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, দিল্লিতে বিক্ষোভের মাঝেই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই ঘোষণা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, শিক্ষার্থীদের নিয়ে সত্যিই উদ্বেগ থাকলে, ডেকে কথা বলুন। বৃহস্পতিবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, তিনি (প্রধানমন্ত্রী) একজন নেতা, এখন নেতৃত্ব প্রদর্শনের সময় এসেছে। শিক্ষার্থীদের দাবিগুলি শুনুন; তাঁরা মন্ত্রীর পদত্যাগ এবং যারা তাঁদের মারধর করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এই ব্যবস্থার ওপর শিক্ষার্থীদের আর কোনও আস্থা নেই। আপনি যদি এই ব্যবস্থার কাঠামোর মধ্যেই কোনও সমাধানের প্রস্তাব দেন, তবে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।
প্রিয়াঙ্কা আরও বলেন, শিক্ষার্থীদের দাবিগুলি মেনে নিলেই কেবল একটি সমাধানে পৌঁছানো সম্ভব। আপনি টুইট করে বলছেন, শিক্ষার্থীদের ওপর আপনার আস্থা আছে, অথচ গত রাতেই তাঁদের মারধর করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর যদি আপনার আস্থাই থাকে, তবে কেন তাঁদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে? যদি শিক্ষার্থীদের নিয়ে আপনার সত্যিই উদ্বেগ থাকে, তবে তাঁদের ডেকে কথা বলুন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ