
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে. অ্যাংমো সংবাদমাধ্যমে আন্দোলনরত ছাত্রদের ভাবমূর্তি কলঙ্কিত করার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবেই চলছে। দিল্লির অন্য কোথাও হিংসার কোনও ঘটনা ঘটলে, প্রমাণ ছাড়া তড়িঘড়ি তার দায় এই আন্দোলনের উপর চাপানো উচিত নয়।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে এক পোস্টে গীতাঞ্জলি অ্যাংমো লিখেছেন, “একজন শিক্ষাবিদ হিসেবে সংবাদমাধ্যমে আমাদের ছাত্রদের ভাবমূর্তি কলঙ্কিত হতে দেখে আমি গভীরভাবে ব্যথিত। ছাত্রদের প্রতিবাদ যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবেই চলছে। দিল্লির অন্য কোথাও হিংসার কোনও ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেলে, প্রমাণ ছাড়া তড়িঘড়ি সেই ঘটনার সঙ্গে এই আন্দোলনকে যুক্ত করবেন না।”
তিনি বলেন, “যাঁরা সত্যিই এই তরুণদের চেনেন, তাঁরা তাঁদের অসাধারণ ধৈর্য, শৃঙ্খলা ও সংযম দেখেছেন। আমি প্রায়ই ভাবি, এমন কী ধরনের ব্যবস্থা, যা নিজের ছাত্রদের প্রতিই এত দ্রুত অবিশ্বাস করে? তাঁদের উদ্বেগের কথা শোনার পরিবর্তে তাঁদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলা কেন সহজ হয়ে যায়?”
গীতাঞ্জলি অ্যাংমো আরও বলেন, “আমাদের সন্তানদের সুরক্ষা প্রাপ্য, তাঁদের খলনায়ক হিসেবে তুলে ধরা নয়। তাঁদের কণ্ঠস্বর শোনার অধিকার রয়েছে, এমন কোনও বয়ানের আড়ালে তা চাপা পড়ে যাওয়া নয়, যা স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করে।”
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য