
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের চতুর্থ দিনেও উত্তাল সংসদ। নিট-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের তুমুল হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে বিকেল তিনটে পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, আজ প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। এটি একটি উসকানিমূলক বিবৃতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত; তবেই আমরা আলোচনায় বসতে প্রস্তুত হব। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সব দলই দাবি জানিয়েছে, নিট নিয়ে আলোচনা হওয়া উচিত। এনডিএ-র সব শরিক দল আবারও দাবি জানিয়েছে, নিট নিয়ে আলোচনা হোক। গতকাল খাড়গেজি এবং বিরোধী দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের পর আমাদের মনে কিছুটা আশা জেগেছিল যে, আজ হয়তো আলোচনা হতে পারবে। কিন্তু কংগ্রেস দল একটি শর্ত জুড়ে দিয়েছে। আমরা অনুরোধ করেছিলাম, আলোচনা কীভাবে এবং কতক্ষণ ধরে চলবে তা আমরা নিজেদের মধ্যেই ঠিক করে নেব, কিন্তু কোনও শর্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। শর্ত চাপিয়ে দেওয়ার এই মানসিকতা ঠিক নয়, কারণ এর মাধ্যমে আপনারা আসলে আলোচনাটিই বন্ধ করতে চাইছেন। আমরা আবারও অনুরোধ করছি, কোনও রকম রাজনৈতিকীকরণ ছাড়াই সংসদের উভয় কক্ষে নিট পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অত্যন্ত জোরালো একটি পদক্ষেপ নিয়েছেন এবং দেশকে জানিয়েছেন, বিচার ব্যবস্থায় 'ফাস্ট ট্র্যাক কোর্ট' বা দ্রুত বিচার আদালত গঠন করা প্রয়োজন; যাতে দেশে কোনও ঘটনা ঘটলে যত দ্রুত সম্ভব কঠোরতম শাস্তি নিশ্চিত করা যায়। সরকার এমন একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমার অনুরোধ, আপনারা কোনও শর্ত চাপাবেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ