
লখনউ, ২৩ জুলাই (হি.স.): নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা কারচুপির জেরে জেরবার পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএসপি নেত্রী মায়াবতী। পাশাপাশি, আন্দোলনকে ঘিরে ছড়িয়ে পড়া হিংসার নিন্দা করেছেন তিনি। বৃহস্পতিবার এক্স মাধ্যমে মায়াবতীর বক্তব্য, দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনে চরম শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি রাজনৈতিক দলগুলির হস্তক্ষেপ ও রাজনীতিকরণের ফলে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতের চেহারা নিয়েছে। সেটা শুধু দিল্লি নয়, নানা রাজ্যের সাধারণ জনজীবনকে ব্যাহত করছে। এই জটিল পরিস্থিতি থেকে দেশকে বার করে আনা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।
মায়ার মতে, অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরি ও তছরুপের সাম্প্রতিক বিতর্ক থেকে সর্বভারতীয় ও রাজ্য স্তরের পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা— প্রতিটি বিষয়ই মূলত সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতির চরম পরিণতি। তাঁর মতে, দেশ ও জনস্বার্থের কথা বিবেচনা করে আদালত-সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে তিনি এগিয়ে এসে সৌহার্দ্যপূর্ণ ভাবে বিষয়টির সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ