
ঢেঙ্কানাল, ২৩ জুলাই (হি.স.): ওড়িশার ঢেঙ্কানাল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। ঢেঙ্কানাল সদর থানার অন্তর্গত ইন্দিপুর-ছটিয়া গ্রামের কাছে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, তাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও দু'জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতরে আটকে পড়া পাঁচ যাত্রীই জলে ডুবে মারা যান। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢেঙ্কানাল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ঢেঙ্কানাল পুলিশ। এই দুর্ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান, পরে পুলিশ ঘটানস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ