সিজেপি-র বিক্ষোভের সঙ্গে এনএসএ-র ক্ষমতা জুড়ে বিভ্রান্তি, স্পষ্ট করল দিল্লি পুলিশ
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): দিল্লির যন্তর মন্তরে চলা সোশ্যাল মিডিয়া অভিযান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভের মধ্যে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে স্পষ্টীকরণ জারি করল দিল্লি পুলিশ
সিজেপি-র বিক্ষোভের সঙ্গে এনএসএ-র ক্ষমতা জুড়ে বিভ্রান্তি, স্পষ্ট করল দিল্লি পুলিশ


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): দিল্লির যন্তর মন্তরে চলা সোশ্যাল মিডিয়া অভিযান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভের মধ্যে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে স্পষ্টীকরণ জারি করল দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানায়, এনএসএ-র আওতায় দিল্লি পুলিশ কমিশনারকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার যে ক্ষমতা দেওয়া হয়েছে, তার সঙ্গে সিজেপি-র বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং প্রতি তিন মাস অন্তর এই ক্ষমতা নবীকরণ করা হয়।

পুলিশের বক্তব্য, কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল যে সিজেপি-র বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য পুলিশ কমিশনারকে এনএসএ-র আওতায় গ্রেফতার ও আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ এই খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে। তাদের বক্তব্য, বর্তমান নির্দেশের সঙ্গে চলমান বিক্ষোভের কোনও সম্পর্ক নেই।

দিল্লি পুলিশ জানিয়েছে, এনএসএ-র আওতায় ক্ষমতা নবীকরণের নির্দেশ ৭ জুলাই ২০২৬ জারি করা হয়েছিল। ওই নির্দেশ ১৯ জুলাই ২০২৬ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, সিজেপি-র বিক্ষোভ শুরু হওয়ার আগেই এই নির্দেশ জারি হয়েছিল এবং এটি পূর্বনির্ধারিত নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

পুলিশ আরও স্পষ্ট করেছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনও বিশেষ প্রস্তাব বা পৃথক অনুরোধ করা হয়নি। প্রতি তিন মাস অন্তর ক্ষমতা নবীকরণের নিয়মিত প্রক্রিয়াকে কিছু সংবাদ প্রতিবেদনে সিজেপি-র বিক্ষোভের সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে, যার ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

দিল্লি পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর খবরের উপর ভরসা না করে যে কোনও তথ্য শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার জন্য। পুলিশের বক্তব্য, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই হীন তথ্য আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই কোনও তথ্য বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande