‘রাহুল আমন্ত্রণ জানিয়েছে, তাই চা খেতে এসেছি’: খাড়গে
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সংসদে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে অচলাবস্থার মধ্যেই বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সুনহেরি বাগ রোডের বাসভবনে সন্ধ্যা ৬ টায় বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। বৈঠককে কেন্দ্র
‘রাহুল আমন্ত্রণ জানিয়েছে, তাই চা খেতে এসেছি’: খাড়গে


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সংসদে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে অচলাবস্থার মধ্যেই বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সুনহেরি বাগ রোডের বাসভবনে সন্ধ্যা ৬ টায় বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। বৈঠককে কেন্দ্র করে রাহুল গান্ধীর বাসভবনের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্সের বাসও।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা পি চিদম্বরম, কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ, রেণুকা চৌধুরী, প্রমোদ তিওয়ারি, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক কংগ্রেস নেতা বৈঠকে যোগ দেন। এছাড়াও এনসিপি (এসসিপি)-র সুপ্রিয়া সুলে, আরজেডি সাংসদ মিসা ভারতী ও মনোজ ঝা, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শিবসেনা (ইউবিটি)-র অরবিন্দ সাওয়ান্ত, সিপিআই সাংসদ পি সন্তোষ কুমার-সহ বিরোধী দলের একাধিক নেতা রাহুলের বাসভবনে পৌঁছন।

বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, “রাহুল গান্ধী আমাদের চায়ের জন্য আমন্ত্রণ করেছেন। তাই চা খেতে এসেছি।” তবে বৈঠককে ঘিরে বিরোধী শিবিরের মধ্যে ঐক্যের বার্তা স্পষ্ট হয়েছে।

কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, “দিল্লিতে যেন জরুরি অবস্থা জারি হয়েছে। গোটা দিল্লিকে যুদ্ধক্ষেত্রের মতো করে দেওয়া হয়েছে।” কংগ্রেস সাংসদ জোথিমণি সেন্নিমালাই বলেন, “আমরা শুধু বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে এসেছি। অথচ গোটা এলাকাকে দুর্গের মতো ঘিরে ফেলা হয়েছে। সরকারের আতঙ্ক স্পষ্ট।”

কংগ্রেস সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, “আমরা আমাদের পরিকল্পনা প্রকাশ করলে শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে। দিল্লি পুলিশ এবং অমিত শাহের লোকজন ইতিমধ্যেই এখানে চলে এসেছে। আমরা লড়ব এবং জয়ী হব।” কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “পদত্যাগ হতেই হবে।”

আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, “যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন প্রান্তে কী হচ্ছে, তা দেখুন। যুবসমাজের মধ্যে ব্যাপক অস্থিরতা রয়েছে। আগামী মুহূর্তে আমরা কী করছি, তা জানতে পারবেন। দেশের পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন।” কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বলেন, “গোটা ইন্ডিয়া জোট এই ইস্যুতে একসঙ্গে লড়াই করছে।” সিপিআই সাংসদ পি সন্তোষ কুমারও বলেন, “বিরোধীরা ঐক্যবদ্ধ।”

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সংসদে অচলাবস্থার মধ্যেই এই বৈঠক হয়। বিরোধীরা আলোচনার আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং রাজ্যসভায় বিধি ২৬৭-র অধীনে আলোচনার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, কেন্দ্রের দাবি, কোনও শর্ত ছাড়াই সরকার নিট-সহ প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার সংসদ চত্বরেও ইন্ডিয়া জোট ও এনডিএ সাংসদদের মধ্যে পৃথক ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভ দেখা যায়। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী নেতাদের বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande