
গুরগাঁও, ২৩ জুলাই (হি.স.): হরিয়ানার গুরগাঁওয়ের মেদান্তা মেডিসিটি হাসপাতালে ভর্তি থাকা লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন বৃহস্পতিবার ২৬তম দিনেও অব্যাহত রয়েছে। হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-পরামিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. সঞ্জয় দুরানির প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থায় কোনও পরিবর্তন হয়নি। তিনি স্থিতিশীল, সতর্ক এবং সম্পূর্ণ সচেতন রয়েছেন। তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-পরামিতি স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। তাঁর সম্মতির ভিত্তিতেই চিকিৎসা চালানো হচ্ছে।
উল্লেখ্য, ২১ জুলাই সন্ধ্যায় হাই কোর্টের নির্দেশে সোনম ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে তাঁর নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০ নিরাপত্তাকর্মী।
সোনম ওয়াংচুকের লেখা খোলা চিঠি প্রকাশ্যে আসার পরও এখনও পর্যন্ত সরকারের তরফে তাঁর সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যদিও বিজেপি সভাপতি জেপি নাড্ডা জানিয়েছিলেন, শীঘ্রই ওই চিঠির জবাব দেওয়া হবে। চিকিৎসকদের পর্যবেক্ষণে সোনম ওয়াংচুকের চিকিৎসা চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।
-----
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য