
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট পেপার লিকের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানালেন অভিনেতা সলমন খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেপার লিকের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা ঘোষণা করার পরই এই আবেদন জানান তিনি।
বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ সলমন খান লেখেন, “শিক্ষাগত দিক থেকে এবং নিরাপত্তার দিক থেকেও পড়ুয়াদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। তাই তাঁদের চিন্তা করার বা তাঁদের বাবা-মাকে উদ্বিগ্ন রাখার কোনও কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন। আমি নিশ্চিত, পেপার লিকের জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই পড়ুয়াদের বলছি, আপনারা দয়া করে নিজেদের বাবা-মায়ের কাছে বাড়ি ফিরে যান।”
শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের উদ্দেশে সলমন খান লেখেন, “সোনম, এবার থামো ভাই। বিষয়টি আর বাড়িও না। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার লড়াই করার শক্তি রেখো—যদিও আমার মনে হয়, তার প্রয়োজন হবে না। এবার কিছু খাও। চাইলে আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।”
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য