
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁস, আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর অভিযোগ, সরকার এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সংসদ চালাতে পারছে না। এমনকি গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম শাসকদলের সাংসদদেরই সংসদের বাইরে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, যুবকদের ন্যায্য দাবির জন্য তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। লাঠিচার্জ করা হচ্ছে, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গল অভিযানের সাফল্য থেকে শুরু করে অলিম্পিকে পদক জয়—প্রতিটি সাফল্যের কৃতিত্ব নেন, তাহলে প্রশ্নফাঁসের দায় কেন নেবেন না?
প্রিয়াঙ্কা বলেন, গত ১০ বছরে ১৫২টি প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। অথচ একটি ঘটনাতেও কোনও দোষীর সাজা হয়নি। তাঁর কটাক্ষ, এর দায়ও প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী টুইট করে দাবি করেন যে তিনি পড়ুয়াদের নিয়ে চিন্তিত। অথচ রাতের অন্ধকারে সেই পড়ুয়াদের উপরই কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে এবং তাঁদের মারধর করা হচ্ছে। প্রিয়াঙ্কার বক্তব্য, “মোদীজি যদি প্রতিটি সাফল্যের কৃতিত্ব নেন, তাহলে এবার তাঁকে দায়ও নিতে হবে।”
কংগ্রেস নেত্রী বলেন, হাজার হাজার পড়ুয়া রাস্তায় নেমে আন্দোলন করছেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাঁদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। কোনও পড়ুয়ার যদি কোনও ক্ষতি হয়, তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য