
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হন। তিনি অভিযোগ করেন, সরকার যদি সত্যিই নিট-সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকত, তাহলে বিরোধীরা প্রথম দিন দাবি জানানোর পরই আলোচনা শুরু হয়ে যেত।
খাড়গে বলেন, “তারা যদি আলোচনার জন্য প্রস্তুত থাকত, তাহলে আমরা যেদিন প্রথম দাবি জানিয়েছিলাম, সেদিনই আলোচনা শুরু হয়ে যেত। তারা তখন প্রস্তুত ছিল না কেন? পরে ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে।”
সংসদ চত্বরে বিরোধী সাংসদদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা সংসদ সদস্য, কিন্তু আজ শাসক দলের লোকেরাই দরজা আটকে দিয়েছে। তাঁদের লজ্জা হওয়া উচিত।”
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে খাড়গে বলেন, “তিনি পদত্যাগ না করা পর্যন্ত এই পরিস্থিতির সমাধান হবে না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খাড়গে অভিযোগ করেন, “আজকের পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যদি কেউ দায়ী হন, তাহলে তিনি প্রধানমন্ত্রী। তিনি প্রকাশ্যে তাঁর সাংসদদের ছাত্রদের আন্দোলনের পাল্টা জবাব দিতে বলেছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সঠিক নয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি কখনও কথা বলেননি।”
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য