
কলকাতা, ২৬ জুলাই (হি. স.) : পুজোর বেশ কয়েকমাস আগেই ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ও স্বদেশি বস্ত্রের সম্ভার নিয়ে কলকাতার রাজা এস. সি. মল্লিক রোডে পথচলা শুরু করল ‘দ্য অরা গ্যালারি’। সাই খাদি-র উদ্যোগে গড়ে ওঠা এই গ্যালারির উদ্বোধনী পর্বে রবিবার উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী ও অভিনেতা অভ্রজিত চক্রবর্তী।
সংস্থার কর্ণধার রিঙ্কু সিং ও উদিপ্তা জেনা একযোগে জানান, এটি শুধুমাত্র পোশাকের বিপণি নয়, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং হস্তশিল্পের প্রতি শ্রদ্ধার এক প্রয়াস। শাড়ির পাশাপাশি কুর্তা, কুর্তি ও পাঞ্জাবিরও বিস্তৃত সম্ভার রয়েছে এখানে। তাঁদের দাবি, সংগ্রহের বড় অংশই দেশের বিভিন্ন তাঁত ক্লাস্টার ও কারিগরদের কাছ থেকে সরাসরি আনা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ও অভ্রজিত বলেন, পুজোর মরসুমে দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী পোশাকের এই সম্ভার ক্রেতাদের আকর্ষণ করবে।
সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকেও এদিন জানানো হয়েছে যে, ন্যায্য মূল্যেই মানসম্মত ভারতীয় পোশাক পৌঁছে দেওয়া, তাঁতি ও কারিগরদের পাশে দাঁড়ানো, পরিবেশবান্ধব পদ্ধতিতে হাতে তৈরি বস্ত্রের প্রসার এবং পরিষেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দেশের হস্তচালিত তাঁত ও খাদির পোশাকের ঐতিহ্য পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত