
ওয়াশিংটন/তেহরান, ২৮ জুলাই (হি.স.): আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া । এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের “খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা” চলছে। তবে দীর্ঘ আলোচনার পথে হাঁটতে তিনি রাজি নন বলেও ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য, যা করার দ্রুত করতে হবে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, আমেরিকা যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। তবে তেহরান সতর্ক ও হিসেবি পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। ইরানের বক্তব্য, তারা শান্তি চায়, কিন্তু আমেরিকার একতরফা শর্ত মেনে নয়।
জানা গেছে , ইরান কূটনৈতিক ও বাস্তবসম্মত অবস্থান নিয়ে এগোতে চাইছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ভবিষ্যতে যে কোনও সংঘাতের পরিস্থিতির মোকাবিলার জন্য তেহরান প্রস্তুত রয়েছে।
ইরানের সেনা প্রধানও একই বার্তা দিয়েছেন। ইরানের দাবি, কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি, আবার পুরোপুরি খোলাও নেই। পরিস্থিতি অনুযায়ী আলোচনার পথ খোলা রাখা হয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই আমেরিকার অন্যতম লক্ষ্য। ট্রাম্প জানিয়েছেন, ইরান নিজেদের অবস্থানে অনড় থাকলে সামরিক পদক্ষেপের বিকল্পও খোলা রয়েছে।
এর মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছেছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে।
এদিকে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলির ড্রোন হামলার নিন্দা করেছে সৌদি আরব। অভিযোগ, ওই গোষ্ঠীগুলি রিয়াদ ও পূর্বাঞ্চলের তেল পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য