
মুম্বই, ৬ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির মধ্যেই মুম্বইয়ে ঝুপড়ি বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৬ জনের। রবিবার সন্ধ্যায় মানখুর্দ-এর জনতা নগরে একটি 'গ্রাউন্ড-প্লাস-থ্রি' (নীচতলা-সহ চারতলা) বাড়ির দুই থেকে তিনটি ঝুপড়ি ধসে পড়ে। এই ঘটনায় মোট ৬ জন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। মুম্বইয়ের মানখুর্দ এলাকায় বাড়ি ধসে ৬ জনের মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস গভীর শোক প্রকাশ করেছেন।তিনি মৃতদের নিকত্মীয়দের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন।
রবিবার সন্ধ্যায় মানখুর্দের জনতা নগরে একটি 'গ্রাউন্ড-প্লাস-থ্রি' বাড়ির ভেতরে থাকা দুই থেকে তিনটি ঝুপড়ি ধসে পড়ার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। মুম্বই পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে রাত সাড়ে আটটা নাগাদ। এই ঘটনা প্রসঙ্গে এনডিআরএফ-এর সহকারী কমান্ড্যান্ট সারং কুরভে বলেন, আমরা রাত ৯.৩০ মিনিটে বিএমসি কন্ট্রোল রুম থেকে খবর পাই; আমাদের আন্ধেরি দল প্রায় ৩৫ মিনিটের মধ্যে এবং কুরলা দল ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। ৬ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি।
এদিকে, ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মুম্বই ও লাগোয়া এলাকা জুড়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তার জেরে সোমবার সব পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছে মুম্বই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, ছাত্র, শিক্ষক ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ