
উদয়পুর (ত্রিপুরা), ১০ আগস্ট (হি.স.) : জুম চাষের কাজ সেরে গভীর জঙ্গলে বাঁশ করোল সংগ্রহ করতে গিয়ে ভালুকের হামলায় গুরুতর আহত হলেন জনৈক যুবক। সোমবার দুপুরে গোমতী জেলার করবুকের জলেফা এলাকার গভীর জঙ্গলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত যুবকের নাম দেবমানিক ত্রিপুরা (৩৩)।
পরিবার সূত্রে জানা যায়, জলেফা এলাকার জঙ্গলের উপর দীর্ঘদিন ধরেই জুম চাষ ও বনজ সামগ্রী সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছেন দেবমানিক ত্রিপুরা। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি জুম চাষের কাজে জলেফার গভীর জঙ্গলে যান। কাজ শেষ করার পর বাঁশ করোল সংগ্রহ করতে জঙ্গলের আরও ভিতরে প্রবেশ করেন তিনি।
অভিযোগ, বাঁশ করোল সংগ্রহ করার সময় আচমকাই একটি ভালুক তাঁর উপর হামলা চালায়। ভালুকের আক্রমণে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান দেবমানিক ত্রিপুরা। এরপর কোনওভাবে ঘটনাস্থলেই পড়ে থাকেন তিনি।
এদিকে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দেবমানিক ত্রিপুরা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে জঙ্গলে বের হন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর জঙ্গলের ভিতরে মাটিতে আহত অবস্থায় দেবমানিক ত্রিপুরাকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে করবুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
করবুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য উদয়পুরের টেপানিয়ায় গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দেবমানিক ত্রিপুরা।
জেলা হাসপাতালের চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, ভালুকের হামলায় আহত যুবককে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
জলেফা এলাকার গভীর জঙ্গলে বন্যপ্রাণীর হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জুম চাষ ও বনজ সামগ্রী সংগ্রহের জন্য প্রতিদিন বহু মানুষ জঙ্গলে যাতায়াত করেন। ফলে জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে স্থানীয়দের আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ