
বাঁকুড়া, ১০ আগস্ট (হি.স.): কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলাশাসকের দফতর অভিযানে শামিল হলো একাধিক বামপন্থী সংগঠন। সোমবার বাঁকুড়া হিন্দু স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ের দিকে এগোতে থাকে। তবে আইজি মোড় এলাকায় পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড গড়ে মিছিলটি আটকে দেয়।
মিছিল আটকানো মাত্রই বাম নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তীব্র ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে এবং ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা জেলাশাসক কার্যালয় চত্বরে ঢুকে পড়েন। এরপর কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিআই(এম) দলের জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম, অজিত পতি, বর্ষীয়ান বাম নেতা অমিয় পাত্র, যদুনাথ রায়, শ্যাম রজক, গোপাল মুখার্জি ও স্বপন শর্মা সহ বিভিন্ন বাম শরিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান নেতা অমিয় পাত্র রাজ্য সরকারকে তীব্র আক্রমণে বিঁধে বলেন, এরাজ্যে বিজেপির তথাকথিত 'ডবল ইঞ্জিন' সরকারের বয়স মাত্র ৩ মাস। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তারা প্রমাণ করে দিয়েছে যে তারা সরকার পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। বিজেপিতে যোগ্য নেতৃত্বের চরম অভাব রয়েছে, যা বর্তমান সরকারের 'তৃণমূলীকরণ' দেখলেই রাজ্যবাসী স্পষ্টভাবে বুঝতে পারছেন। তিনি আরও কটাক্ষ করে বলেন, এই সরকার আসলে তৃণমূলের নতুন সংস্করণ— যেন নতুন বোতলে পুরনো পানীয় ঢালা হয়েছে। নির্বাচনের আগে যাদের বিরুদ্ধে চুরি ও জোচ্চুরির অভিযোগ তুলে ভোট চাওয়া হলো, জয়ের পরেই তাঁদের বরণডালা সাজিয়ে পাশে বসানো হয়েছে। বিজেপি আসলে মানুষকে মিথ্যা আশ্বাসে ভাঁওতা দিয়ে ক্ষমতায় এসেছে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে অমিয় পাত্র বলেন, ভোটের আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের প্রতি মহিলাকে 'অন্নপূর্ণা' প্রকল্পে মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এখন মহিলারা বুঝতে পারছেন কীভাবে তাঁদের প্রতারিত করা হয়েছে। এছাড়া ইশতেহার প্রকাশ করে বলা হয়েছিল, ক্ষমতায় আসার পর মাসের ১ তারিখ থেকেই রান্নার গ্যাসের দাম ৪৫০ টাকা করা হবে এবং ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে মিলবে, কিন্তু তার কিছুই করা হয়নি। আয়ুষ্মান ভারতের নামেও দরিদ্র মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে।
সমাবেশ শেষে বাম প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে প্রবেশ করে তাঁদের ১৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি (ডেপুটেশন) জমা দেয়।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট