
কলকাতা, ১১ আগস্ট (হি.স.): কলকাতার একটি খ্যাতনামা স্কুলের ২৫ জন ছাত্রীর অসুস্থতার খবর সোমবারই মিলেছিল। মঙ্গলবার সকালে নতুন করে আরও ৪ পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর মিলেছে। জ্বর, বমি ভাবের সমস্যা নিয়ে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এর ফলে অসুস্থ পড়ুয়াদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯।
উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের আরও ৪ পড়ুয়াকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ২৫ জন ভর্তি হয়েছিল। মঙ্গলবার আরও ৪ পড়ুয়া হাসপাতালে ভর্তি হওয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯। কী কারণে এমন অবস্থা হল, তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল স্কুলে গিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ