
রাঁচি, ১১ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভার বাদল অধিবেশন মঙ্গলবার শুরু হতেই হইচই শুরু হয়। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত দুপুর ১২টা পর্যন্ত বিধানসভার কার্যক্রম মুলতুবি করে দেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো। অধিবেশন শুরু হওয়ার পর কংগ্রেস পরিষদীয় দলের নেতা প্রদীপ যাদব বিরোধীদের বিরুদ্ধে রাজ্যে অরাজকতা তৈরির অভিযোগ তোলেন। তাঁর দাবি, ছাত্রদের উগ্র আন্দোলনের জন্য বিজেপিই দায়ী। সোমবার বিজেপির উসকানিতেই ছাত্ররা বিধানসভা পর্যন্ত পৌঁছেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
এর পরেই বিজেপির সদস্যরা বিধানসভার ওয়েলে নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা শাসক দলের সদস্যরাও ওয়েলে এসে বিরোধীদের প্রতিবাদ শুরু করেন। দুই পক্ষের স্লোগান ও বিক্ষোভে বিধানসভায় উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অধ্যক্ষ বলেন, ছাত্ররা ইতিমধ্যেই শান্ত হয়েছেন। তাই বিধানসভার অধিবেশন স্বাভাবিকভাবে চলতে দেওয়ার জন্য সব সদস্যকে আসনে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে অধ্যক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও শাসক ও বিরোধী দলের সদস্যরা নিজেদের আসনে ফিরে যাননি। ওয়েলে থেকেই তাঁরা বিক্ষোভ ও হইচই চালিয়ে যেতে থাকেন। এর পরেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিধানসভার কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন অধ্যক্ষ।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য