
জয়সলমের, ১১ আগস্ট (হি.স.): রাজস্থানের জয়সলমেরে মঙ্গলবার সকালে একটি চলন্ত স্কুল বাসে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায়। দুর্ঘটনাটি সদর থানা এলাকার ধৌয়া গ্রামের কাছে ঘটে। বাসটিতে সতেরো জন শিশু ছিল। ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে শুরু করলে চালক বাসটি থামিয়ে সব শিশুকে নিরাপদে নামিয়ে আনেন। কয়েক মিনিটের মধ্যেই বাসটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়।
দমকল আধিকারিক জানান, ফায়ার ব্রিগেডের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানো হলেও বাসটি ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনায় কোনো শিশু আহত হয়নি। তবে, বাসে থাকা তাদের স্কুল ব্যাগ, খাতা, বই এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের ওয়্যারিংয়ে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসটি পিঠালা গ্রাম থেকে ডাবলা রোডের এস এম পাবলিক স্কুলে শিশুদের নিয়ে যাচ্ছিল। ধৌয়ার কাছে সামনের চাকা একটি গর্তে পড়লে বাসটি প্রচণ্ড ঝাঁকুনি খায় এবং শর্ট সার্কিট হয়ে যায়। ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং এরপর আগুন ধরে যায়। চালক রাস্তার পাশে বাসটি থামিয়ে গেট খুলে সব শিশুকে নিরাপদে নামিয়ে আনেন। স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে এসে শিশুদের নিরাপদে পৌঁছাতে সাহায্য করেন। জানা গেছে ,সব শিশু নিরাপদ আছে এবং তাদের পরিবারের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। তদন্তে জানা গেছে, বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ১৩ দিন আগেই শেষ হয়ে গিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন