
নদিয়া, ১৬ আগস্ট (হি.স.): নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে খুন হন কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর পুত্র আবু সুফিয়ান। সেই খুনের ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হল তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ তিন জনকে। অভিযোগ, শনিবার রাতে গাড়ি থামিয়ে গুলি করা হয় বাবা ও ছেলেকে। তার পর গাড়ি থেকে নামিয়ে তাঁদের কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। রবিবার সকালে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
ধৃতদের মধ্যে রয়েছে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি। তার স্বামী এলাকার প্রভাবশীল তৃণমূল নেতা জুব্বার শেখ এখন জেলবন্দি। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে ফতেমার দুই সহযোগী সাহেব আলি মণ্ডল এবং মিঠুন শেখকে। রবিবার সকালে তাঁদের মেডিক্যাল পরীক্ষার পর আদালতে হাজির করানো হয়। তিন জনকেই হেফাজতে চেয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ