সীমানা পেরিয়ে শহরে ঢুকলেই কড়া ব্যবস্থা, উত্তর গেটে ট্রাফিকের অভিযানে আটক একাধিক ই-অটো
আগরতলা, ১৮ আগস্ট (হি.স.) : আগরতলা শহরের নির্ধারিত সীমানা অতিক্রম করে প্রবেশ করা ইলেকট্রিক অটোর বিরুদ্ধে মঙ্গলবার কড়া অভিযান চালাল ট্রাফিক দফতর। শহরের প্রবেশপথ উত্তর গেট সংলগ্ন এলাকায় ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান
ই-অটো আটক


আগরতলা, ১৮ আগস্ট (হি.স.) : আগরতলা শহরের নির্ধারিত সীমানা অতিক্রম করে প্রবেশ করা ইলেকট্রিক অটোর বিরুদ্ধে মঙ্গলবার কড়া অভিযান চালাল ট্রাফিক দফতর। শহরের প্রবেশপথ উত্তর গেট সংলগ্ন এলাকায় ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্ধারিত নিয়ম অমান্য করে শহরে প্রবেশ করা বেশ কয়েকটি ই-অটো আটক করা হয়েছে।

ট্রাফিক দফতর সূত্রে জানা যায়, আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে শহরের বাইরের ইলেকট্রিক অটোগুলোর চলাচলের জন্য নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অটোগুলিকে ওই নির্ধারিত সীমার মধ্যেই চলাচল করতে বলা হয়েছে। কিন্তু অভিযোগ, একাংশের অটোচালক সেই নির্দেশ অমান্য করে নিয়মিতভাবে শহরের অভ্যন্তরে প্রবেশ করছেন। এর ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি যানজটের সমস্যাও তীব্র হচ্ছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার উত্তর গেট এলাকায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক দফতর। অভিযানের সময় বিভিন্ন ই-অটোতে তল্লাশি ও নথিপত্র পরীক্ষা করা হয়। নির্ধারিত সীমানা অতিক্রম করে শহরের দিকে প্রবেশ করা অটোগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বেশ কয়েকটি অটো আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিএসপি প্রণব দাস জানান, মূলত শহরের জন্য নির্ধারিত সীমানা অতিক্রম করে আগরতলায় প্রবেশ করা অটোর বিরুদ্ধেই এই অভিযান চালানো হচ্ছে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক দফতর নিয়ম ভাঙার ক্ষেত্রে কোনও ধরনের ছাড় দেবে না বলেও তিনি স্পষ্ট করেন।

শুধু নির্ধারিত সীমানা লঙ্ঘন নয়, রাস্তার উপর যত্রতত্র অটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর বিষয়েও ট্রাফিক দফতর নজরদারি চালাবে বলে জানান ডিএসপি। তাঁর বক্তব্য, রাস্তার উপর হঠাৎ অটো দাঁড় করানোর ফলে অনেক সময় যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় দীর্ঘ যানজট। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক দফতরের এই অভিযানে শহরের যানজট নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সাধারণ মানুষ। একই সঙ্গে শহরের নির্ধারিত প্রবেশসীমা এবং ট্রাফিক নিয়ম মেনে অটো চালানোর জন্য চালকদের প্রতি আবেদন জানিয়েছে দফতর। ভবিষ্যতেও শহরের বিভিন্ন প্রবেশপথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক দফতর সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande