
মালদা, ১৮ আগস্ট (হি.স.): ছাগল চুরির ঘটনা দেখে ফেলায় ১২ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে খুনের পর আত্মহত্যার রূপ দিতে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক-১ নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়া, প্রাথমিক স্কুল সংলগ্ন একটি লিচুবাগানে। মৃত শিশুর নাম ফাহিম শেখ (১২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল ফাহিম।
অভিযোগ, মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টোর মধ্যে কয়েকজন দুষ্কৃতী এলাকায় ছাগল চুরি করতে যায়। সেই ঘটনা ফাহিম দেখে ফেলেছিল বলে পরিবারের দাবি। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে দেহটি লিচুগাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনায় মূল অভিযুক্ত আরফাজুল শেখের ছেলে জসিম শেখকে গ্রেফতার করা হয়েছে। অপর এক অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়