
হলদিয়া, ১৮ আগস্ট (হি.স.):বন্যায় বিপর্যস্ত শিল্পনগরী হলদিয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার হলদিয়া ভবনে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার কথা তাঁর। ইতিমধ্যেই বন্যাদুর্গত হলদিয়াবাসীর জন্য মুখ্যমন্ত্রীর তরফে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সোমবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল এলাকা পরিদর্শন করার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে হলদিয়ায় পৌঁছন।
প্রশাসনিক বৈঠকের আগে সম্প্রতি হলদিয়ায় অগ্নিকাণ্ডে মৃত ও আহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। গত ৩০ জুলাই ন্যাপথা প্রস্তুতকারক সংস্থা হলদিয়া পেট্রোকেমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও ১৩ জন।
মঙ্গলবার ওই ঘটনায় মৃত ও আহত—মোট ১৭ জনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপর হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক শুরু হয়। বন্যার জলে ক্ষতিগ্রস্ত এলাকা, জল নিষ্কাশন ব্যবস্থা, দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়