
হালিশহর, ১৮ আগস্ট (হি.স.): হালিশহর লকআপে বিরজু কেওয়াটের মৃত্যুর ঘটনার তদন্তে এবার নামল রাজ্য সিআইডি। ঘটনার তদন্তে যাতে কোনও ফাঁকফোকর না থাকে, সেই কারণেই রাজ্য সরকারের তরফে সিআইডি-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তভার সিআইডি-এর হাতে যাওয়ায় খুশি মৃতের পরিবার। মুখ্যমন্ত্রীর উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার পরিবার দাবি করে, সিআইডি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক এবং ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তবেই বিরজুর পরিবার ন্যায়বিচার পাবে এবং তাঁর আত্মার শান্তি হবে বলে মনে করছেন তাঁরা।
বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, আগের সরকার এই ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত বলে তাঁদের অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সরকার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রকৃত সত্য সামনে আনার উদ্যোগ নিয়েছে। সিআইডি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের ভূমিকা স্পষ্ট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, পরিবারের এক সদস্য জানান, সিআইডি তদন্তের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে পরিবারও তদন্তে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছে।
তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে মৃতের পরিবার ও স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়