
কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : কর্মসংস্থানের লক্ষ্যে কৌশল মহোৎসবের আয়োজন হল বালুরঘাটে। কেন্দ্রের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক, পশ্চিমবঙ্গ রাজ্য কৌশল বিকাশ মিশন এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক যুবক-যুবতী অংশ নেন। মহোৎসবে ৫০টিরও বেশি নিয়োগকারী সংস্থা যোগ দেয়। তাদের তরফে ৭,০০০-এর বেশি চাকরির সুযোগ রাখা হয়েছিল। দিনভর ৭,৫০০-এর বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এবং ৪,৫০০-রও বেশি প্রার্থীকে কর্মসংস্থানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। উৎপাদন, খুচরো ব্যবসা, লজিস্টিকস, স্বাস্থ্য পরিষেবা, আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াকরণ, ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা-সহ একাধিক ক্ষেত্রে চাকরির সুযোগ মেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ, বিধায়ক ও আধিকারিক। বক্তব্যে সুকান্ত মজুমদার বলেন, শিক্ষা ও দক্ষতা কর্মসংস্থান ও সাফল্যের প্রধান ভিত্তি। তরুণদের প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের পাশাপাশি আজীবন শেখার অভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত