তামিলনাড়ুর সব বিধায়ক পাবেন সরকারি গাড়ি, মাসে ৭৫ হাজার টাকা গাড়ি ভাতা
চেন্নাই, ১৯ আগস্ট (হি.স.): তামিলনাড়ু বিধানসভায় বুধবার অনুদানের দাবির উপর আলোচনার তৃতীয় দিনে বিধায়ক ও সাধারণ মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিজয়। বিধায়কদের নিজেদের বিধানসভা এলাকায় সফর এবং জনসেবার কাজের জন্
তামিলনাড়ুর সব বিধায়ক পাবেন সরকারি গাড়ি, মাসে ৭৫ হাজার টাকা গাড়ি ভাতা


চেন্নাই, ১৯ আগস্ট (হি.স.): তামিলনাড়ু বিধানসভায় বুধবার অনুদানের দাবির উপর আলোচনার তৃতীয় দিনে বিধায়ক ও সাধারণ মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিজয়। বিধায়কদের নিজেদের বিধানসভা এলাকায় সফর এবং জনসেবার কাজের জন্য সরকারি গাড়ি দেওয়ার ঘোষণা করেন তিনি। পাশাপাশি দুধের ক্রয়মূল্য বৃদ্ধি, চেন্নাইয়ের পেরাম্বুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের বিমার পরিমাণ বৃদ্ধি এবং রাজ্যে সাতটি নতুন নার্সিং কলেজ খোলার ঘোষণাও করা হয়েছে।

বিধানসভায় ১১০ নম্বর ধারায় ঘোষণাগুলি করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিধায়করা তাঁদের দায়িত্ব পালন করেন। বিধানসভায় প্রথমবার নির্বাচিত হওয়া প্রথম প্রজন্মের বিধায়কদের সংখ্যাও বেড়েছে। আর্থিকভাবে সচ্ছল না হয়েও যাঁরা জনসেবার কাজ করছেন, তাঁদের বিধানসভা এলাকায় কাজকর্ম পরিচালনায় সুবিধা দিতে সব বিধায়ককে সরকারি গাড়ি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, বিধায়করা তাঁদের সহায়তার জন্য একজন সহকারী নিয়োগ করতে পারবেন। সহকারী নিয়োগের জন্য মাসে ২৫ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি সরকারি গাড়ির জন্য চালকও নিয়োগ করা হবে। গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৭৫ হাজার টাকা গাড়ি ভাতা দেওয়া হবে।

গত সপ্তাহে বিদুথলাই চিরুথাইগাল কাছির বিধায়ক জ্যোতিমণি বিধানসভা এলাকায় সফরের জন্য বিধায়কদের সরকারি গাড়ি দেওয়ার দাবি জানিয়েছিলেন। তার পরেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে জানা গেছে।

অন্য একটি ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৮,৮০০টি সমবায় সমিতির সঙ্গে যুক্ত ৩ লক্ষ ১৬ হাজার দুধ উৎপাদনকারীর কাছ থেকে প্রতিদিন প্রায় ৩৪ লক্ষ লিটার দুধ কেনা হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩১ লক্ষ লিটার দুধ ‘আভিন’-এর মাধ্যমে উৎপাদিত হচ্ছে। দুধ উৎপাদনকারীদের উৎসাহ দিতে দুধের ক্রয়মূল্য প্রতি লিটারে ৩৮ টাকা থেকে বাড়িয়ে ৪১ টাকা করা হবে।

চেন্নাইয়ের পেরাম্বুরে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের বহুমুখী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে ৪০০টি শয্যার ব্যবস্থা থাকবে।

এছাড়াও রাজ্যে সাতটি নতুন নার্সিং কলেজ তৈরি করা হবে। ওই কলেজগুলিতে বিএসসি নার্সিংয়ের মোট ৬২০টি নতুন আসন তৈরি হবে।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় বিমার পরিমাণ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande