
মালদা, ১৯ আগস্ট (হি.স.): বাজারদরের তুলনায় অনেক সস্তায় আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়ার প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ উঠল মালদার গাজোলে। অর্ডার দেওয়ার পর নির্ধারিত সময়ে সামগ্রী না পেয়ে বুধবার সকালে দোকানের ঝাঁপ বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো গ্রাহক। উত্তেজিত জনতা দোকানের সাটার ভাঙারও চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে তুলসীডাঙা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীডাঙার কোড়া গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে মাসখানেক আগে একটি অর্ডার সাপ্লায়ার্সের দোকান খোলা হয়। ভাড়ায় নেওয়া ওই দোকানে বাজারদরের তুলনায় কম দামে বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির কথা বলা হত।
অভিযোগ, পছন্দের সামগ্রী বুক করার সময় গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হত। এরপর ১০-১২ দিনের মধ্যে সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রলোভনে পড়ে বহু মানুষ হাজার হাজার টাকা অগ্রিম দিয়ে অর্ডার করেন।
কিন্তু বুধবার সকালে নির্ধারিত সময়ে সামগ্রী নিতে এসে দোকান বন্ধ দেখতে পান গ্রাহকরা। এরপরই প্রতারণার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়