
চন্দ্রকোণা, ১৯ আগস্ট (হি.স.): নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে চন্দ্রকোণায় শিলাবতী নদীর জলস্তর ফের বাড়তে শুরু করেছে। বুধবার সকাল থেকে ঘোষকিরা এলাকায় নদীর উপর থাকা বাঁশের সাঁকোর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে ফের যাতায়াতের সমস্যায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ঘোষকিরা-সহ আশপাশের আট থেকে দশটি গ্রামের বাসিন্দাদের মধ্যে।
কয়েক দিন আগেও নদীর জল বেড়ে সাঁকোটি জলের তলায় চলে গিয়েছিল। তখন ঝুঁকি নিয়ে ওই সাঁকোর উপর দিয়েই যাতায়াত করছিলেন বাসিন্দারা। চলতি বর্ষায় এই নিয়ে তৃতীয়বার জলে ডুবল সাঁকোটি। ঘোষকিরা গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে সাঁকোটি তৈরি করেছিলেন। ভগবন্তপুর হয়ে চন্দ্রকোণা শহরে যাতায়াতের অন্যতম ভরসা এই সাঁকো।
এই পথ দিয়ে ঘোষকিরা, কোল্লা, খুড়শি, শীর্ষা, ধর্মাপোতা, বারাসাত-সহ একাধিক গ্রামের মানুষ যাতায়াত করেন। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জলও শিলাবতী নদীতে এসে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। জলস্তর আরও বাড়লে সাঁকোটি অক্ষত থাকবে কি না, তা নিয়েও দুশ্চিন্তায় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়