
গাজিয়াবাদ, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের গাজিয়াবাদে চেন ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়েছে পুলিশি এনকাউন্টারে। বুধবার মধ্যরাতে নন্দগ্রাম থানা এলাকার মোরটা তিরাহের কাছে স্বাট ও নন্দগ্রাম থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুই অভিযুক্তরই পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।নন্দগ্রামের এসিপি জিয়াউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার গভীর রাতে মেরঠ রোডের মোরটা তিরাহের কাছে পুলিশ যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় একটি মোটরসাইকেলে করে দুই সন্দেহভাজন যুবককে আসতে দেখা যায়। পুলিশ তাদের থামার কথা বললে তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে মোটরসাইকেলে থাকা দু’জনের পায়ে গুলি লাগে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম আরিফ ও জুবের বলে জানায়।পুলিশের দাবি, নন্দগ্রাম এলাকায় একটি আবাসন কমপ্লেক্সের বাইরে এক যুবক হাঁটছিলেন। সেই সময় তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে দুটি সোনার চেনের ভাঙা অংশ, একটি চুরি করা মোটরসাইকেল এবং দুটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার আরও তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস