টানা বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ায় প্লাবিত পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দুর্ভোগে বহু মানুষ
মেদিনীপুর, ১৯ আগস্ট (হি.স.): টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং, কেশিয়াড়ি, মোহনপুর ও দাঁতন-সহ একাধিক ব্লকের বহু এলাকা জলের তলা
বন্যা পরিস্থিতি


মেদিনীপুর, ১৯ আগস্ট (হি.স.): টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং, কেশিয়াড়ি, মোহনপুর ও দাঁতন-সহ একাধিক ব্লকের বহু এলাকা জলের তলায়। গ্রামের পর গ্রাম জলমগ্ন হওয়ায় বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ জল জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে নারায়ণগড়ের খুড়শী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্লাবিত এলাকা নৌকায় করে পরিদর্শন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি, খড়্গপুরের মহকুমাশাসক এবং স্থানীয় বিডিও। তাঁরা দুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজ নেন। জেলাশাসক জানান, জল কমলে সমীক্ষা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত কৃষিবিমার সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।

অন্যদিকে, সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে দাঁতন ও কেশিয়াড়ির বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। দাঁতনের সোনাকোনিয়া এলাকায় বানভাসি মানুষের হাতে ত্রাণ তুলে দেন কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমরম।

প্লাবনে ধানের জমি নষ্ট হওয়ায় বড় ক্ষতির মুখে কৃষকরা। বহু মাটির বাড়িও ভেঙে পড়েছে। দ্রুত জল নামার অপেক্ষায় দিন গুনছেন বানভাসি এলাকার বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande