
কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): মঙ্গলবার রাতে কলকাতার ধর্মতলায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়। তার মধ্যে ৫ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা যাচ্ছে, নিহত ৫ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৪ জন কুষ্টিয়ার এবং একজন ঢাকার বাসিন্দা ছিলেন। নিহতরা হলেন, দেবাশিস দত্ত, স্বর্ণাশিস দত্ত, আফসানা শিমিন, মোহাম্মদ আকরাম আলি এবং আহমেদ বাবু। জানা গেছে, দেবাশিস দত্ত, তাঁর স্ত্রী আফসানা শিমিন তাঁদের সন্তান স্বর্ণাশিসকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন শিশুটির চিকিৎসার পর মঙ্গলবার তিনজন কলকাতায় ফিরে আসেন। এরপর তাঁরা ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। নিহতদের শনাক্ত করতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের একজন কর্তা স্থানীয় থানা ও মর্গে যান। ৫ জনকেই বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালিদও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ