পোল্লাচির কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৫ জনের মৃত্যু
কোয়েম্বাটুর, ২ আগস্ট (হি. স.): তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার পোল্লাচির কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়
পোল্লাচির কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৫ জনের মৃত্যু


কোয়েম্বাটুর, ২ আগস্ট (হি. স.): তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার পোল্লাচির কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা কেউই প্রাণে বাঁচেননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়েম্বাটুরের মাদুক্কারাই এলাকার বাসিন্দা কানকরাজ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। রবিবার স্ত্রী উমা মহেশ্বরী, দুই মেয়ে আরতি ও নর্মদা এবং আত্মীয় রমনকে নিয়ে উদুমালপেটে কুলদেবতার মন্দিরে পুজো দিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন কানকরাজ নিজেই।

দুপুরে পোল্লাচির নল্লামপল্লি এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কানকরাজ, তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং আত্মীয় রমনের মৃত্যু হয়।

খবর পেয়ে গোমঙ্গলম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে দেহগুলি বের করে ময়নাতদন্তের জন্য পোল্লাচি সরকারি হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তার মাঝের ডিভাইডারে থাকা গাছে জল দেওয়ার জন্য ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করানো হয়েছিল। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকে ধাক্কা মারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে, একই দিন চেন্নাইয়ের এন্নোর রেলস্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কন্নন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ফুটওভারব্রিজ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande